বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। একই সঙ্গে তিনি দুই দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও গভীর করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
সোমবার এক অভিনন্দন বার্তায় সি চিন পিং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতেও এই দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে।
চীনের প্রেসিডেন্ট আরও বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সব সময় একে অপরকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বাড়াতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সি চিন পিং।
নতুন যুগে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন চীনের প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা আরও গভীর হবে এবং এর সুফল দৃশ্যমান হবে, যা দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।