কলম্বো টেস্টে উইকেট উদযাপনের সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করায় শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল এবং শ্রীলঙ্কার আসিথা ফার্নান্ডো। মাঠে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই ক্রিকেটারের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে। পাশাপাশি তাদের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতের ইনিংসের ১৭তম ওভারে এই ঘটনা ঘটে। ৪৫ রান করা জয়সওয়ালকে বোল্ড করার পর সতীর্থদের সঙ্গে উদযাপনে মেতে ওঠেন ফার্নান্ডো। এসময় তিনি ভারতীয় ওপেনারের উদ্দেশ্যে বিদায়ী বার্তা দেন বলে মনে করা হয়।
প্যাভিলিয়নের পথে থাকা জয়সওয়াল তখন ঘুরে দাঁড়িয়ে ফার্নান্ডোর দিকে এগিয়ে যান। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে তাদের মাথায় মাথা লেগে যায়। পরবর্তীতে শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও অন্যান্য ক্রিকেটাররা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।
ঘটনাটি পর্যালোচনার পর আইসিসি দুই ক্রিকেটারকেই আচরণবিধির লেভেল ওয়ান অপরাধে দোষী সাব্যস্ত করেছে। তারা আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারায় খেলোয়াড়, দলের সহায়ক কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কারও সঙ্গে ‘অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ’ নিষিদ্ধ করা হয়েছে।
আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দুই ক্রিকেটারের শাস্তির প্রস্তাব দেন। জয়সওয়াল ও ফার্নান্ডো নিজেদের অপরাধ স্বীকার করে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট গ্রহণ করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
গত ২৪ মাসে দুজনেরই এটি প্রথম ডিমেরিট পয়েন্ট। নিয়ম অনুযায়ী, এই সময়ের মধ্যে কোনো খেলোয়াড়ের চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়।
ম্যাচে জয়সওয়াল ভালো শুরু করলেও অর্ধশতক থেকে পাঁচ রান দূরে থামেন। তাকে আউট করেই নিজের প্রথম উইকেটটি পান ফার্নান্ডো। তবে সেই উইকেটের উদযাপনে সীমা অতিক্রম করায় শেষ পর্যন্ত দুই ক্রিকেটারকেই জরিমানা গুনতে হলো।