মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রতিবেশীকে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে নিজের সাড়ে তিন বছরের কন্যাসন্তানকে দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর পূর্ব ভানুবিল গ্রামে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছর বয়সী শিশু রুনা বেগমকে ধারালো দা দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেন তার বাবা শরীফ আলী।
পরবর্তীতে পুলিশি তদন্তে বেরিয়ে আসে, পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী সালেক মিয়াকে হত্যা মামলায় ফাঁসিয়ে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে শরীফ আলী নিজেই নিজ সন্তানকে হত্যা করেন। পরে বাবা শরীফ আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মেয়েকে হত্যার দায় স্বীকার করে বিস্তারিত বিবরণ দেন। দণ্ডপ্রাপ্ত শরীফ আলী কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে।
ঘটনার পর নিহত শিশু রুনার মা ও আসামির স্ত্রী নেকজান বিবি বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২ বছর পর এই রায় প্রদান করা হলো।