চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডে রেকর্ড ৯১ হাজার ৪৯৪টি আবেদন জমা পড়েছে। মোট পরীক্ষার্থীর প্রায় দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী ফল সংশোধনের আবেদন করায় এই সংখ্যাকে ‘আশ্চর্যজনক’ বলে অভিহিত করেছে বোর্ড কর্তৃপক্ষ।
বোর্ড সূত্রে জানা গেছে, গত ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। নিয়ম অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়ার ফলাফল প্রকাশ করা হবে।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন ৯৫ হাজার ৩৯৯ জন, যার সামগ্রিক পাসের হার ৬৫.৪২ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ছেলেদের পাসের হার ৬৩.২৪ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৬৬.৮৮ শতাংশ। তবে গত বছরের তুলনায় পাসের হার সামান্য বাড়লেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। এবার মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন, যার মধ্যে ৫ হাজার ৮৪৮ জন ছাত্রী।
বিভাগভিত্তিক পাসের হারে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বিজ্ঞান বিভাগ (৮২.৮৮ শতাংশ)। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৭.৪০ শতাংশ এবং মানবিক বিভাগে সবচেয়ে কম, মাত্র ৫০.৬১ শতাংশ। তবে এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ২৪টিতে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতি বিষয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, “এবার ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সংখ্যা আশ্চর্যজনকভাবে বেশি। শিক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে দ্রুততার সঙ্গে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কাজ চালানো হচ্ছে, যাতে নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা যায়।”