পঞ্চগড়ে হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে। এর আগে গত রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার রাজনগর খালপাড়ার ভাড়াটিয়া মো. আবু রায়হান হৃদয় (২৪) এবং পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়ার সুরাইয়া পারভীন স্বরনী (১৯)।

সম্প্রতি পঞ্চগড়ের একজন ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রেখে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে সেই ভিডিও জনসম্মুখে প্রকাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী ব্যবসায়ী পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশি অভিযানে হানিট্র্যাপ চক্রের এই দুই সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৭ জুলাই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট থেকে ৪ থেকে ৫ জনের একটি হানিট্র্যাপ চক্র ওই ব্যবসায়ীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, গ্রেপ্তারকৃত হানিট্র্যাপ চক্রের এই দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।