দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের কড়া জবাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর। এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, “আমি বাংলাদেশের নাগরিক। কারা এ রিপোর্ট করেছেন? তাদের কী আবার ২০০৮-এর জ্বালা উঠেছে নাকি? মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা?”

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং চলাকালে একজন সাংবাদিক প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এর আগে, একই দিনে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলেন। তিনি জানান, “প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে। দুই দেশের আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।”

ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির। তিনি বলেন, “দেশের স্বার্থ বজায় রেখে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তার অন্যতম দায়িত্ব। দ্বিপক্ষীয় সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।”