পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে দেশের সকল সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসায় বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

সোমবার (২৪ আগস্ট) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনায় সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানদের এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে সিদ্ধান্ত বাস্তবায়নে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ওপর।

বোর্ড থেকে জানানো হয়েছে, দেশের সব মাদরাসায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্মের ওপর বিশেষ আলোচনাসভা এবং দোয়া মাহফিল আয়োজন করতে হবে। এছাড়া ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি মহানবী (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করার কথা বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তর এই পদক্ষেপ নিয়েছে। এর আগে গত ২৩ আগস্ট কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ড. মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, গত ১৩ আগস্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।