চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) ও তার মা ছেমন খাতুনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান ওরফে আশিক ও ছেমন খাতুন কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে ও স্ত্রী।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর সার্বিক নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির-২, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদুল হক ও এএসআই জুমায়েত হোসেন জুয়েলের নেতৃত্বে পুলিশ সদস্য ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানের সময় কাছিয়াড়া ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ওই দুজনকে আটক করা হয় এবং তাঁদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, "গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"