দিনাজপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে রশিদুল ইসলাম নামে এক ডলার প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রশিদুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দিনাজপুর ও নীলফামারীতে দায়ের হওয়া একাধিক মামলার আসামি। কুড়িয়ে পাওয়া ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করত তার চক্রটি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদুল ইসলাম ডলার প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ জানায়, এই চক্রটি প্রথমে ঢাকা, ময়মনসিংহ, গাইবান্ধা, বগুড়া ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের বিশ্বাস অর্জন করত। এরপর নিজেদের নিম্ন আয়ের মানুষ হিসেবে পরিচয় দিয়ে কুড়িয়ে পাওয়া ডলার বিক্রির প্রলোভন দেখাত।
ভুক্তভোগীরা রাজি হলে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হতো। সেখানে চক্রের সদস্যরা পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে ভুক্তভোগীদের টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত। এভাবেই দীর্ঘদিন ধরে তারা প্রতারণা চালিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনোয়ার হোসেন মুক্তকণ্ঠকে জানান, "জেলা গোয়েন্দা শাখা ও সাইবার শাখার যৌথ প্রচেষ্টায় ডলার প্রতারক রশিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"