ঢাকার কর্মস্থল থেকে টেকনাফে ফিরে মাকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই বাবাকেও হারালেন পুলিশ কনস্টেবল কামাল হোসেন। মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে বাবা-মায়ের মৃত্যুতে শোকাতুর হয়ে পড়েছে তার পরিবার।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার বাসিন্দা আহমেদ হোসেনের স্ত্রী সোয়া বিবি (৮২) রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মায়ের মৃত্যুর খবর পেয়েই ঢাকায় কর্মরত ছেলে কামাল হোসেন দ্রুত বাড়িতে ছুটে আসেন।
বাড়িতে পৌঁছেই তিনি মায়ের জানাজা ও দাফনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে হঠাৎ মারা যান তার ৯০ বছর বয়সী বাবা আহমেদ হোসেন।
স্বজনদের দাবি, স্ত্রীর মৃত্যুর শোকে ভেঙে পড়েছিলেন আহমেদ হোসেন। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
কামাল হোসেন বলেন, "আমার মা এক বছর ধরে অসুস্থ ছিলেন। বাবা সুস্থ ছিলেন। মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। মাকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই প্রায় ১৪ ঘণ্টার ব্যবধানে বাবাকেও হারালাম।"
মা-বাবাকে হারানোর এই চরম শোক সামলানোর আগেই দুজনের জানাজার প্রস্তুতি নিতে হচ্ছে কামালকে। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে রঙ্গিখালীর পরিবেশ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার মাগরিবের নামাজের পর সোয়া বিবি ও আহমেদ হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে স্থানীয় কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হবে।