মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি যে রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান। মাদক নির্মূলে কেবল পুলিশের ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) রাঙামাটিতে জেলা পুলিশের আয়োজিত এক মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, "আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই আপনাদের সমাজ থেকে মাদক নির্মূল করতে আমাকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। শুধু পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়।"

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার অনুরোধ জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, "যারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশ যুদ্ধ ঘোষণা করেছে। যেকোনো মূল্যে দেশকে মাদকমুক্ত করার চেষ্টা করা হবে।"

রাঙামাটি পুলিশ সুপার মো. আব্দুর রকিবের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন রাঙামাটি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন এবং কমিউনিটি পুলিশ রাঙামাটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ প্রমুখ।