বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল শিক্ষা ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন। জবাবে শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষা ও বিভিন্ন খাতের উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

বৈঠকে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "আমরা যদি এ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলে দেশকে আরও উন্নত পর্যায়ে নিতে সক্ষম হব। এজন্য আমরা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন সেক্টরের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে।"

শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে দুই দেশ আরও নিবিড়ভাবে কাজ করবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।