চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও অবৈধভাবে অতিরিক্ত সার মজুত রাখার অপরাধে এক সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় ‘মেসার্স ইসলাম ট্রেডার্স’ নামের একটি খুচরা ডিলারের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং অবৈধভাবে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি সার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। পরে দোকানের মালিক মো. নুর ইসলামকে (৫০) ১ লাখ টাকা জরিমানা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকার মো. নুরফসালীর ছেলে।
অভিযানে জব্দ করা মজুত সারগুলো সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকানের মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামানসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।