সিলেটের জাফলংয়ে বেড়াতে গিয়ে বাসচাপায় নুসরাত জাহান তাসনিম (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর এলাকায় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান ফটকের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান তাসনিম ঢাকার যাত্রাবাড়ী থানার ধলাইপাড় এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন নুসরাতের মামা মোহাম্মদ আলী (৩০), বড় বোন সুমাইয়া আক্তার (২৬) এবং মা কুলসুম বেগম (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী তার বোন ও ভাগনিদের নিয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে সিলেট ঘুরতে এসেছিলেন। সোমবার সকালে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে জাফলংয়ের উদ্দেশে রওনা দেন। সিলেট গ্যাস ফিল্ডসের মূল ফটকের কাছাকাছি পৌঁছালে সিলেটগামী একটি গেইটলক বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আরোহীরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই নুসরাতের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগমকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এই দুর্ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”