যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারি সম্মানির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই স্থানীয় নেতাকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন— উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।
দলীয় সূত্রে জানা গেছে, সরকারি সম্মানির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্ত চালানো হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংগঠনের ভাবমূর্তি রক্ষায় উপজেলা জামায়াত তাদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এখন থেকে তারা জামায়াতের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বা দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না।"