সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম পাড়ের মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানানো হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী।
যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত সোয়া ১টার দিকে সেতুর পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তল্লাশিকালে একটি ঢাকাগামী ট্রাকের কেবিনের ভেতর থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৪২টি অ্যাম্পুল ও ৮টি ইনজেকশন উদ্ধার করে ট্রাকটি জব্দ করা হয়।
আইনানুগ প্রক্রিয়া শেষে আজ দুপুরে আটক দুই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।