মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য আরও সময় দিল সরকার। এখন থেকে কোনো জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। এই সুযোগ আগামী ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, "অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি জমা দিয়ে সকল প্রকার মোটরযানের কাগজপত্র—ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত শেষবারের মতো বৃদ্ধি করা হয়েছে।"

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন এই সময়সীমা অবিলম্বে কার্যকর হবে।