শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের সাড়ে ১৪ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২৪ আগস্ট) ভোরে কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা ওই গ্রামের হযরত আলীর ছেলে রোহান মিয়া (৭) এবং ওবায়দুল আসলামের ছেলে ইসমাইল মিয়া (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে রোহান ও ইসমাইল নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার ভোরে গ্রামের একটি বড় পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন। পরে খবর পেয়ে স্বজনরা এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করেন।
এলাকাবাসীর দাবি, ওই দুই শিশু মাঝেমধ্যেই স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামত, তবে তারা ঠিকমতো সাঁতার জানত না।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, "এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"