কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আল-আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নিহত সৈকত ভৈরব পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সৈকত ভৈরব শহরের টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, "গত রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকত। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"