বগুড়ার সদর উপজেলায় দুর্বৃত্তদের রামডায় কোপে মৃত্যু হয়েছে সাইফুল ইসলাম (৫০) নামের এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সদস্য এবং পেশায় একজন খামারি ছিলেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বাঘোপাড়া বাজার থেকে এক নাতিকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন যুবক তার পথরোধ করে। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে ওই যুবকরা রামদা দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর তাকে রক্তাক্ত অবস্থায় পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।"

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ওসি আরও জানান, "হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"