ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গোপনে ও নিশিরাতে গঠনের অভিযোগ তুলে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন দলটির পদবঞ্চিত একাংশের নেতা-কর্মীরা। ঘোষিত কমিটিকে ‘অবৈধ’ ও ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন তারা।

রোববার (২৩ আগস্ট) রাতে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ ও ঝাড়ু মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নারী ও পুরুষ নেতা-কর্মীদের হাতে ঝাড়ু, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এ সময় তারা ‘পকেট কমিটি মানি না, মানব না’, ‘হাবিবের কমিটি মানি না, মানব না’ এবং ‘অবৈধ কমিটি মানি না, মানব না’, ‘হাবিবের দুই গালে জুতা মারো তালে তালে’—এসব স্লোগান দেন। এছাড়া ব্যানারে থাকা হাবিবের ছবিতে ঝাড়ু দিয়ে আঘাত করে প্রতিবাদ জানান তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে একপেশেভাবে গোপনে এই কমিটি ঘোষণা করা হয়েছে। ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে তারা দাবি করেন। বক্তারা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, বিএনপি নেতার হত্যা মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং ব্যাংক লুটেরার মতো বিতর্কিত ব্যক্তিদের দিয়ে গঠিত কোনো অবৈধ কমিটি তৃণমূল বিএনপি কখনোই মেনে নেবে না।”

অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও রাজপথের আন্দোলন-সংগ্রামে থাকা নেতা-কর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। এই দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাবেক সদস্যসচিব বিষ্টু কুমার সরকার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন সেন্টু সরদার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা টুটুল সরদার, সাঁড়া ইউনিয়নের বিএনপি নেতা আক্কাস আলী খান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এই বিষয়ে জানতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদনের একটি বিজ্ঞপ্তি শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘোষিত কমিটিতে ঈশ্বরদী উপজেলা শাখায় জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্যসচিব এবং ঈশ্বরদী পৌর শাখায় মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্যসচিব করা হয়েছে।