জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে নিউইয়র্কে সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পর তিনি সান ফ্রান্সিসকোও সফর করবেন।
রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি শুরু হয়েছে। তার সফরসঙ্গীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের প্রক্রিয়াও চলছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। সাধারণ অধিবেশনের মূল পর্বের পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
৯ দিনের সম্ভাব্য এই সফরে প্রধানমন্ত্রী নিউইয়র্কের পর সান ফ্রান্সিসকো যেতে পারেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর তার দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও এর আগে আলোচনা চলছিল, তবে সেই আলোচনা আর এগোয়নি। ভারত সফরের বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।