কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএডিসি ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৩ আগস্ট) রাতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে বিএডিসির এক ডিলারের গুদামের বেড়া ভেঙে স্থানীয় কৃষকেরা প্রায় ১৯০ বস্তা সার নিয়ে যান। ঘটনার পর উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে তদন্ত কমিটি গঠন করে।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সদস্যসচিব হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা।

ইউএনও অমৃত দেবনাথ জানান, লুট হওয়া সার উদ্ধারে অভিযান চালিয়ে ইতোমধ্যে ১০০ বস্তা উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি ডিলারকে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটিকে সোমবারের (২৪ আগস্ট) মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।