নাটোরের লালপুরে একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি না করায় বেআইনিভাবে ১৪৪ ধারা জারির মাইকিং করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল।
রোববার বিকেলে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলামের নির্দেশে সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম এই শোকজ চিঠিটি পাঠান।
জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত শুক্রবার লালপুরের কেশবপুর স্কুল মাঠে স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠানের পুরস্কার বিতরণিতে অতিথি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলী। তবে প্রচলিত রীতি অনুযায়ী অনুষ্ঠানে গ্রামের প্রবীণ ব্যক্তিদের অতিথি করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মারুফ আলী শুক্রবার সকালে মাইক ভাড়া করে মাঠে ১৪৪ ধারা জারির মিথ্যা ঘোষণা করান। এই মাইকিং শুনে স্থানীয় লোকজন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বন্ধ করে দেন।
পরবর্তীতে খোঁজ নিয়ে এলাকাবাসী জানতে পারেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এমন কোনো নির্দেশ দেননি। কৌশল করে ছাত্রদল নেতা মারুফ আলী এই মাইকিং করিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে জেলা ছাত্রদলের নজরে আসে। ফলে তাকে আগামী ২৪ আগস্টের মধ্যে জেলা বিএনপির কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে মারুফ আলী গণমাধ্যমকে জানান, সংগঠনের কাছে ব্যাখ্যা দেওয়ার আগে তিনি কিছু বলবেন না।
জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম শোকজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, "লালপুরের ছাত্রদল নেতা মারুফ আলীর কর্মকাণ্ডে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, ব্যাখ্যা চাওয়া হয়েছে। সোমবারের মধ্যে জেলা কার্যালয়ে হাজির হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে হবে।"