পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের দায়িত্ব ও কার্যবণ্টন নির্ধারণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে দায়িত্ব পালন করবেন হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব পালন করবেন শামা ওবায়েদ ইসলাম।
কার্যবণ্টন অনুযায়ী, প্রতিমন্ত্রী-১ এর দায়িত্বের আওতায় থাকবে "দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিতব্য অন্য যেকোনো বিষয়।"
অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ এর দায়িত্বের তালিকায় রয়েছে "পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।"
পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, উপর্যুক্ত দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় অনুমোদন রয়েছে।