বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ‘শিক্ষা কূটনীতি সেবা’ এবং নারী শ্রমিকদের জন্য বিশেষ জরুরি হটলাইন চালুর প্রস্তাব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি, গত ছয় মাসের অর্জন এবং আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধে মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ বিভিন্ন পররাষ্ট্র কার্যক্রমে বাংলাদেশের অর্জন ও সক্রিয় অংশগ্রহণকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়টি আলোচনায় এলেও মন্ত্রণালয় থেকে নতুন কোনো তথ্য দেওয়া হয়নি। ১৬ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া বিবৃতিটিই বৈঠকে পুনরায় তুলে ধরা হয়। ওই বিবৃতিতে বলা হয়েছিল, "প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য ভারতের কাছে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।"

এ বিষয়ে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, "বৈঠকে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে বক্তব্য দিয়েছিলেন, এ বিষয়ে এখন পর্যন্ত সেটাই অবস্থান।"

শিক্ষার্থীদের সহায়তা প্রসঙ্গে তিনি আরও বলেন, "বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা পড়তে যান। কমিটির সুপারিশ ছিল শিক্ষার্থীদের সেবা দেওয়ার জন্য আলাদা সেবা বা ডেস্ক চালু করা যায় কি না। যাতে শিক্ষার্থীরা বিশেষভাবে সহায়তা পান।"

জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিশেষ আমন্ত্রণে অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ। নবনিযুক্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশ সফরে থাকায় উপস্থিত হতে পারেননি।

অন্যদিকে, দুপুরে জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে আলোচনা হয়। হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করার পাশাপাশি দুর্নীতি রোধে ডিজিটাল ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তা উঠে আসে। এছাড়া কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমাতে এনবিআরের পরিকল্পনা উপস্থাপন করা হয়।

বৈঠক শেষে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, "এনবিআরের কাঠামোগত সংস্কার, ট্যাক্স–জিডিপি নিয়ে আলোচনার কথা ছিল। অর্থমন্ত্রী ইতিবাচক ছিলেন। কিন্তু বৈঠক শুরু হতে না হতে সরকারদলীয় একাধিক সদস্য বৈঠক তাড়াতাড়ি শেষ করে আরেক দিন আলোচনার কথা বলেন। কোনো আলোচ্য সূচিই শেষ করা হয়নি, কোনো সিদ্ধান্ত আসেনি।"

তিনি আরও অভিযোগ করেন, "সরকারদলীয় কিছু সদস্য এই কমিটিকে আলংকারিক কমিটি হিসেবে নিয়েছেন।"

মুশফিকুর রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম, জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, শাহাদাত হোসেন, সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) উপস্থিত ছিলেন।