গ্যাস সংকট ও কাঁচামালের দাম বাড়ার কারণে উৎপাদন বন্ধ বা লেঅফ ঘোষণা করেছে খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুওয়াং ফুড। আজ রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে এই তথ্য জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, "গতকাল শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে কারখানা লেঅফ ঘোষণার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্যাস সংকট এবং কাঁচামালের মূল্যবৃদ্ধির ফলে এই পদক্ষেপ নিতে হয়েছে। গতকাল শনিবার থেকেই কারখানাটি লেঅফ ঘোষণা করা হয়েছে এবং আগামী ছয় মাসের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
গাজীপুরের হোতাপাড়ায় অবস্থিত এই কারখানায় ব্রেড, বিস্কুট, কেক ও নুডলসসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদিত হয়। ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি বর্তমানে দুর্বল মানের কারণে 'জেড' শ্রেণিভুক্ত। ২০২৩ সালের পর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদান করতে পারেনি। প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্যমতে, এখানে প্রায় এক হাজার কর্মী কর্মরত আছেন।
কারখানা বন্ধের খবরের প্রভাবে আজ রোববার ঢাকা শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা প্রায় ১ শতাংশ কমে ১১ টাকা ১০ পয়সায় নেমে এসেছে। এদিন বাজারে কোম্পানিটির প্রায় পৌনে দুই লাখ শেয়ার লেনদেন হয়েছে।