স্মার্টফোনের চাহিদা ক্রমেই বাড়ছে। গত কয়েক বছরের তুলনায় ডিভাইসগুলোর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৈদেশিক বাজারে স্টোরেজ সংকটের পাশাপাশি চিপসেট ছাড়াও বেশ কিছু কম্পোনেন্টের দাম এখন আকাশছোঁয়া—এমন অবস্থায় দেশের মোবাইল ফোন মার্কেট টানাপোড়েনের মধ্যেই চলছে বলে উল্লেখ করা হয়েছে।
এই প্রেক্ষাপটে হেলিও মোবাইল ‘হেলিও ৬২’ নামে একটি নতুন স্মার্টফোন বাজারে এনেছে। কোম্পানির দাবি অনুযায়ী ১৮ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনটিতে এমন কিছু ফিচার আছে, যা বাজারে থাকা ২৫ হাজার টাকার অনেক ফোনেও নেই।
হেলিওর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ আবু সায়েম বলেন, ‘হেলিও ৬২ তৈরির পেছনে আমাদের একটি সহজ লক্ষ্য ছিল, বাজেটের মধ্যে কেনাকাটা করা মানেই যে প্রয়োজনীয় ফিচারে আপস করতে হবে—ধারণাটি ভুল প্রমাণ করা।’
তিনি আরও বলেন, ‘মাত্র ১৮ হাজার ৯৯৯ টাকায় ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে, ৬ জিবি র্যাম, আইপি৬৪ এবং ডিউরিবিলিটির জন্য আছে আয়রন গার্ড প্রোটেকশন— ফ্ল্যাগশিপ লেভেলের এই ফিচারগুলো আমাদের ক্রেতাদের আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস। যাঁরা তাঁদের বাজেট না বাড়িয়েও নানাবিধ কাজ, বিনোদন ও দৈনন্দিন প্রয়োজনে সমানভাবে চলতে পারেন—এমন একটি স্মার্টফোন চান, তাঁদের কথা ভেবেই হেলিও ৬২ তৈরি করা হয়েছে।’
ডিভাইসটিতে আছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে, যার স্ক্রিন টু বডিও রেশিও ৯০ শতাংশ এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে আয়রন গার্ড প্রোটেকশন। স্মুথ স্ক্রলিং ও গেমিংয়ের জন্য ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিটস হাই ব্রাইটনেস মোড রয়েছে।
প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি৮১ চিপসেটের ২.০ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর, ট্রানজিস্টর সাইজ ১২ ন্যানোমিটার। জিপিউ হিসেবে আছে মালি জি৫২ এমসি ২।
হ্যান্ডসেটে রয়েছে ৬ জিবি ফিজিক্যাল র্যাম এবং ৬ জিবি ভার্চ্যুয়াল র্যামের সাপোর্ট। ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে মেমোরি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে বলে জানানো হয়েছে।
ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এতে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা—কোম্পানির তথ্য অনুযায়ী ৪৩ মিনিটে ৫০ পার্সেন্ট চার্জ এবং ১ ঘণ্টা ৪৫ মিনিটে ফুল চার্জ হবে।
ক্যামেরা কনফিগারেশনে রিয়ারে আছে অটোফোকাস এফ-ওয়ান পয়েন্ট এইট (f1.8) অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সামনের ক্যামেরা হিসেবে আছে এফ-টু পয়েন্ট জিরো অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা। ভিডিও কলের সুবিধার কথাও বলা হয়েছে। আরও আছে বিউটি মোড, গ্রুপ সেলফি, পোর্ট্রেট, নাইট মোড ও ডুয়াল-ভিউ ভিডিও মোড রেকর্ডিং।
ডিউরাবিলিটির জন্য ফোনটিতে আইপি ৬৪ রেটিং এবং আয়রন গার্ড প্রোটেকশন আছে বলে উল্লেখ করা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী ১ মিটার উচ্চতা থেকে পড়লেও ক্ষতির আশঙ্কা নেই।
ডিভাইসটিতে দ্রুত আনলকের জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সিস্টেম রয়েছে। আরও আছে ডুয়াল স্পিকার, স্মার্ট নোটিফিকেশনের জন্য হ্যালো লাইট (কাস্টমাইজ করা যাবে)। এনএফসি, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটারসহ একাধিক ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার থাকার কথাও বলা হয়েছে। অ্যান্ড্রয়েড-১৬-তে চলবে হেলিও ৬২।
টাইটেনিয়াম ফগ, মিন্ট গ্রিন এবং সিল্ক গ্রিন—এই তিন রঙে ‘হেলিও ৬২’ পাওয়া যাবে সারা দেশের হেলিওর অনুমোদিত রিটেইল পার্টনারদের কাছে। সঙ্গে রয়েছে ১৫ মাসের ওয়ারেন্টি।