বিশ্বব্যাংকের ওয়াশিংটন কার্যালয়ে বাংলাদেশ কনস্টিটুয়েন্সির বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিন বছরের মেয়াদে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত রাখার শর্তে আবদুর রহমান খানকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দায়িত্ব পালনকালীন সময়ে তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যাবতীয় কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, "আবদুর রহমান খান যোগদানের তারিখ থেকে তিন বছরের মেয়াদে এ পদে দায়িত্ব পালন করবেন।"
নিয়োগের অন্যান্য শর্তাবলি পরবর্তীতে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। বিশ্বব্যাংকের বাংলাদেশ কনস্টিটুয়েন্সির বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে তিনি সংশ্লিষ্ট কার্যক্রম ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ আগস্ট এনবিআরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন মো. আবদুর রহমান খান। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২৯ জুন এনবিআরের চেয়ারম্যান হিসেবে তাঁর চাকরির মেয়াদ শেষ হয়।