বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)—এই তিনটি সংস্থাকে একীভূত করে গঠিত হয়েছে নতুন কর্তৃপক্ষ 'ইনভেস্ট বাংলাদেশ'। নবগঠিত এই কর্তৃপক্ষের চেয়ারম্যান, সচিব ও সদস্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬–এর ধারা ৪–এর উপধারা (৫) অনুযায়ী, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি বিডার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একই প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল (অব.) মো. শাহারুল হুদাকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আ. রাজ্জাক সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য (সচিব) পদে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান ও সচিবকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক ত্যাগ করতে হবে। তাঁদের নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

গত বৃহস্পতিবার সরকার এই একীভূতকরণের প্রজ্ঞাপন জারি করে। ফলে এখন থেকে দেশের বিনিয়োগসংক্রান্ত যাবতীয় কার্যক্রম নতুন এই কর্তৃপক্ষের মাধ্যমেই পরিচালিত হবে।