মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পুকুরে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে এবং ইব্রাহিম মহসিন মোল্লার ছেলে। তারা পরস্পর চাচাতো ভাই ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করে সেখানে পাকা ঘাট নির্মাণ করা হয়। আজ সকালে ওই ঘাটের কাছে খেলার সময় পা পিছলে দুই শিশু পুকুরের পানিতে পড়ে যায়।
শিশুদের চাচা চান মোল্লা জানান, সকালে বাড়ির আশপাশে তাদের দেখা গেলেও পরে আর পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন এবং প্রায় এক ঘণ্টা পর তাদের পুকুরের পানিতে পাওয়া যায়। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কান্ত দাস মুক্তকণ্ঠকে বলেন, "আজ দুপুর সাড়ে ১২টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।"