বঙ্গোপসাগরে প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ায় বরগুনার পাথরঘাটার ১৪ জন জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) বিকেলে গভীর সমুদ্রে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটি পাথরঘাটার আশরাফ কোম্পানির মালিকানাধীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দিন আগে মাছ শিকারের উদ্দেশ্যে পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে যাত্রা করে ‘এফবি বরকত’। সোমবার বিকেলে সাগরের উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনার সময় কাছাকাছি অবস্থানরত অন্য একটি ট্রলারের জেলেরা পানিতে ট্রলারের কিছু অংশ ভাসতে দেখে মালিকপক্ষকে বিষয়টি অবহিত করেন। নিখোঁজ হওয়া ১৪ জন জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।
বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, "খবর পাওয়ার পরপরই ট্রলার ও জেলেদের উদ্ধারে সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে উদ্ধারকারী ট্রলার পাঠানো হয়েছে।"