কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে পরিদর্শনে গিয়ে জেনারেটরে ওড়না ও চুল পেঁচিয়ে প্রাণ হারিয়েছেন ফারহানা হক (২৯) নামের এক নারী প্রকৌশলী।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৩ এর ব্লক-এ/১১ এলাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচালিত হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা এবং আইওএম-এর সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, হাসপাতালের কাজ পরিদর্শনের উদ্দেশ্যে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-৩ এর আইওএম হাসপাতালে যান ফারহানা হক। সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনের সময় একটি জেনারেটরের কাছে গেলে তার ওড়না জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। একপর্যায়ে মাথার চুলও জেনারেটরে আটকে যাওয়ায় তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর হাসপাতালের চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"