শপথ গ্রহণের পর প্রথম সরকারি কর্মসূচি শেষ করে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে ফিরেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুর ১২টার কিছু আগে তিনি সেখানে পৌঁছান।

রাষ্ট্রপতি হিসেবে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মন্ত্রী হিসেবে বরাদ্দ পাওয়া হেয়ার রোডের এই বাসভবনে ফিরে আসেন।

রাষ্ট্রপতির অবস্থানকালীন হেয়ার রোডের বাসভবন ঘিরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা। ভবনের প্রবেশমুখে এবং বিপরীত দিকের ফুটপাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ফটকের ভেতরে এসএসএফ, পিজিআর এবং রাষ্ট্রপতির কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও তাঁরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম। আগামীকাল রোববার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন এই রাজনীতিবিদ সরকারি বাসভবন বঙ্গভবনে উঠবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বর্তমান সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট প্রদান করেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পান। বিপুল ব্যবধানে নির্বাচিত হওয়ার পরদিনই শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম।