মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (এমসিআইএল) নতুন ব্র্যান্ড 'ফ্রেশ স্যানিটারিওয়্যার' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শনিবার (২২ আগস্ট) প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২১ সালে যাত্রা শুরুর পর পাঁচ বছরের সাফল্যে ফ্রেশ সিরামিকস দেশের সিরামিকস খাতে একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা ও এই সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি এবার স্যানিটারিওয়্যার পণ্য নিয়ে বাজারে এসেছে।

এর আগে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ারচরে অবস্থিত এমসিআইএলের কারখানায় পণ্যগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করেন এমজিআইয়ের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।

এ বিষয়ে মোস্তফা কামাল বলেন, "নির্মাণসামগ্রী খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের পাশাপাশি সিরামিক টাইলস আমরা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদের আস্থা অর্জন করেছি। সেই অভিজ্ঞতা ও আস্থার ভিত্তিতেই ফ্রেশ সিরামিকসের পর এবার আমরা বাজারে নিয়ে এসেছি ফ্রেশ স্যানিটারিওয়্যার। গুণগত মান, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং গ্রাহকদের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ফ্রেশ স্যানিটারিওয়্যারকে এ খাতের একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।"

প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্যানিটারিওয়্যার ব্যবসায় প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এমসিআইএল। এই কারখানায় মাসে প্রায় ৬০ হাজার পিস স্যানিটারিওয়্যার উৎপাদনের সক্ষমতা রয়েছে এবং প্রকল্পের মাধ্যমে ৬০০-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

ডিরেক্টর তানজিমা মোস্তাফা বলেন, "নির্মাণসামগ্রীর বাজারে ক্রমাগত পরিবর্তন আসছে। গ্রাহকরাও এখন পণ্যের বৈচিত্র্যের পাশাপাশি মান ও নির্ভরযোগ্যতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। গ্রাহকদের এই চাহিদা পূরণে আমরা স্যানিটারিওয়্যার খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছি। মানসম্মত সিরামিক পণ্য, আধুনিক নকশা ও কর্মদক্ষতার সমন্বয়ে ফ্রেশ স্যানিটারিওয়্যার গ্রাহকদের কাছে সরবরাহের মাধ্যমে আমরা এই খাতে আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে চাই। আধুনিক বাড়ি ও ভবনের জন্য প্রয়োজনীয় স্যানিটারিওয়্যার পণ্য ও সমাধান গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।"