চ্যাটজিপিটির কথোপকথন দিন দিন আরও মানবিক হয়ে উঠলেও তা সব ব্যবহারকারীর কাছে স্বস্তিদায়ক হচ্ছে না। সহজ প্রশ্নের উত্তর দিতে গিয়েও এই এআই টুলটি গালাগাল বা অশালীন শব্দ ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। চলতি সপ্তাহে বিজনেস ইনসাইডারের একটি প্রতিবেদনে বিষয়টি সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিজনেস ইনসাইডারের ওই প্রতিবেদনে চ্যাটজিপিটির একটি উত্তরের স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে, যেখানে খাবারের রেসিপির উপকরণ জানতে চাওয়া হলে জবাবে ‘এফ’ শব্দ ব্যবহার করা হয়েছে। এছাড়া ব্যবহারকারীদের আরও কিছু অভিজ্ঞতার উদাহরণ সেখানে তুলে ধরা হয়েছে। সম্প্রতি ওপেনএআই চ্যাটজিপিটিতে নতুন মডেল চালু করেছে। এর আগে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছিলেন যে, এর উত্তরগুলো অতিরিক্ত রোবটসুলভ। মানুষের সঙ্গে স্বাভাবিক কথোপকথনের লক্ষ্যে আচরণে পরিবর্তন আনার পর এবার এর ভাষা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীরা জানতে চাইছেন, মানবিক করার প্রক্রিয়ায় কথাবার্তায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিবর্তন এসেছে কি না।

চ্যাটজিপিটির এমন আচরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে প্রকাশিত স্ক্রিনশটগুলোতে গালাগাল ও ‘এফ’ শব্দ ব্যবহারের উদাহরণ দেখা গেছে। তবে এই পরিবর্তন শুধু অশালীন শব্দের মধ্যেই সীমাবদ্ধ নয়; সাধারণ আলাপচারিতায় তরুণ প্রজন্মের প্রচলিত বিভিন্ন স্ল্যাং বা কথ্য শব্দও ব্যবহার করছে চ্যাটজিপিটি। প্রতিবেদনে এক ব্যবহারকারীর অভিজ্ঞতা উল্লেখ করে বলা হয়েছে, একটি রেসিপির পরামর্শ দিতে গিয়ে চ্যাটজিপিটি ‘বিগ অ্যাস কোলাচেস’ শব্দবন্ধ ব্যবহার করেছে। কেউ কেউ ধারণা করছেন, বিনা মূল্যের সংস্করণের ডিফল্ট মোডের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে, তবে ওপেনএআইয়ের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এর কোনো নিশ্চিত ভিত্তি নেই।

চ্যাটজিপিটির উত্তরে গালাগাল ও অশালীন শব্দ ব্যবহারের অভিযোগের বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ফলে কথাবার্তার ধরন ও স্বরে হঠাৎ এই পরিবর্তনের আনুষ্ঠানিক কারণ জানা যায়নি। যদিও অনেক ব্যবহারকারী এই পরিস্থিতি ভালোভাবে নেননি, তবে কেউ কেউ চ্যাটজিপিটির নতুন, স্বাভাবিক ও আবেগপ্রবণ কথা বলার ধরন পছন্দ করছেন।