পড়াশোনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার আরও উৎসাহিত করতে বিভিন্ন দেশের কলেজশিক্ষার্থীদের জন্য এক বছরের বিনামূল্যে ‘গুগল এআই প্লাস’ ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। এই সুবিধার আওতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় প্রতিদিন দ্বিগুণ পরিমাণ জেমিনাই ব্যবহারের সুযোগ পাবেন। এর পাশাপাশি তারা পাবেন ৪০০ গিগাবাইট অনলাইন স্টোরেজ। এছাড়া জেমিনাই অ্যাপ, জিমেইলে জেমিনাই, গুগল ফ্লো এবং জেমিনাই নোটবুক ব্যবহারের সুযোগ মিলবে শিক্ষার্থীদের। এই সুবিধা পেতে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে হবে।

গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কলেজশিক্ষার্থীদের জন্য এক বছরের ‘গুগল এআই প্রো’ প্ল্যানটি বিনামূল্যে দেওয়া হবে। এর ফলে তারা সাধারণ ব্যবহারকারীদের চেয়ে প্রতিদিন চার গুণ বেশি জেমিনাই ব্যবহারের সুযোগ পাবেন এবং ৫ টেরাবাইট অনলাইন স্টোরেজ পাবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা ইউটিউব প্রিমিয়াম ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

শিক্ষার্থীদের জন্য বিভিন্ন এআই প্ল্যান দেওয়ার পাশাপাশি গুগল একটি বিশেষ হাব চালু করেছে। এই হাবের মাধ্যমে জেমিনাই এআই সহকারী এবং গুগল সার্চের বিভিন্ন এআই সুবিধা এক জায়গায় পাওয়া যাবে। এখানে তথ্য গুছিয়ে রাখা, স্টাডি নোটবুক তৈরি, ফ্ল্যাশকার্ড বানানো এবং অনুশীলনের জন্য কুইজে অংশ নেওয়ার সুবিধাও থাকছে। গুগলের তথ্যমতে, এই বিশেষ হাবের মাধ্যমে শিক্ষার্থীরা জেমিনির বিভিন্ন সুবিধা সম্পর্কে জানতে পারবে এবং সহজে ব্যবহার করতে পারবে, ফলে পড়াশোনার জন্য আলাদা আলাদা টুল ব্যবহারের প্রয়োজন হবে না।

সম্প্রতি জেমিনাইতে শিক্ষার্থীদের জন্য স্টাডি নোটবুকসহ বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে গুগল। এই সুবিধাটি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ঘাটতি চিহ্নিত করতে পারে এবং সেই অনুযায়ী পাঠের বিষয়বস্তু তৈরি করে দেয়। এছাড়া জেমিনাইয়ের ‘ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন’ সুবিধার মাধ্যমে জটিল বিষয় বোঝাতে দ্রুত ত্রিমাত্রিক সিমুলেশন তৈরি করা সম্ভব। ব্যবহারকারীর প্রশ্ন অনুযায়ী এটি টেবিল, গ্রিড ও অন্যান্য ভিজ্যুয়াল উপাদানও তৈরি করতে পারে, যা লেখা পড়ার পাশাপাশি দৃশ্যত বিষয়টি বুঝতে সাহায্য করবে।