কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে গবেষণায় পেশাজীবন শুরুর মাত্র ছয় বছরের মধ্যে বড় ধরনের সাফল্য পেয়েছেন টনি ইউহুয়াই উ। চীনে জন্ম নেওয়া এই এআই গবেষক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সাত কোটি মার্কিন ডলার বা প্রায় ৮৬১ কোটি টাকায় (প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৩ টাকা ধরে) একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, সিলিকন ভ্যালির কাছে ক্যালিফোর্নিয়ার হিলসবোরো এলাকায় ‘ভিলা দে ভেরানো’ নামের বাড়িটি কিনেছেন উ। চলতি বছর ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে এটি অন্যতম হিসেবেও উল্লেখ করেছে ওই প্রতিবেদন। তবে বাড়িটি কেনার বিষয়ে উ নিজে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

যুক্তরাষ্ট্রে বিপুল অর্থের বিনিময়ে বাড়ি কেনার খবর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। ১২ একর জমির ওপর নির্মিত বাড়িটিতে রয়েছে ছয়টি শয়নকক্ষ। পাশাপাশি বাড়ির বিভিন্ন বিলাসবহুল ব্যবস্থার মধ্যে রয়েছে নয় গর্তের একটি গলফ কোর্স, ১৫০ আসনের উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার এবং ২ হাজার ১০০ গ্যালন ধারণক্ষমতার লবণাক্ত পানির অ্যাকুয়ারিয়াম। এসব সুবিধার কারণে বাড়িটিকে সাধারণ বিলাসবহুল আবাসনের তুলনায় ব্যক্তিগত অবকাশকেন্দ্র হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

এআই গবেষণার ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে টনি ইউহুয়াই উ-এর শিক্ষাজীবনকে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। গণিত ও মেশিন লার্নিংয়ে পড়াশোনার মাধ্যমে তিনি শুরু করেন। ২০১৫ সালে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ইউনিভার্সিটি অব টরন্টোতে মেশিন লার্নিং বিষয়ে পিএইচডি করেন। পড়াশোনা শেষ হওয়ার আগেই তিনি বিশ্বের শীর্ষস্থানীয় এআই গবেষণাপ্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন করেন বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, টনি ইউহুয়াই উ ওপেনএআই ও গুগলের ডিপমাইন্ডে ইন্টার্নশিপও করেছেন। এরপর ২০২১ সালে গুগলে গবেষক হিসেবে যোগ দেন।

২০২৩ সালে ইলন মাস্কের প্রতিষ্ঠিত এক্সএআইয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দেন উ। উন্নত এআই ব্যবস্থা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করা ওই প্রতিষ্ঠানটিতে তিনি চ্যাটবট গ্রক তৈরির সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে এআইকে গণিত এবং যুক্তি দিয়ে চিন্তা করতে শেখানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে প্রতিবেদনটিতে উল্লেখ আছে।

২০২৫ সালে গ্রক ৩–এর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ইলন মাস্কের পাশেই ছিলেন উ। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি এক্সএআই ছাড়েন। এক্সএআই ছাড়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উ লিখেছিলেন, ‘এবার আমার পরবর্তী অধ্যায়ে যাওয়ার সময়। সম্ভাবনায় ভরা এই যুগে এআইকে কাজে লাগানো একটি ছোট দলও বিশাল পরিবর্তন আনতে পারে এবং সম্ভাবনার সংজ্ঞা নতুন করে লিখতে পারে।’

সূত্র: ইন্ডিয়া টুডে