বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের গতির রেকর্ড ভেঙে দিয়েছে চীনের বিজ্ঞানীদের তৈরি একটি নতুন মানবাকৃতির বা হিউম্যানয়েড রোবট। ‘সুপারম্যান’ নামের এই প্রোটোটাইপ রোবটটির দৌড়ানোর একটি ভিডিওতে দেখা গেছে, এটি ঘণ্টায় ২৮.৩ মাইল বা প্রতি সেকেন্ডে ১২.৬৬ মিটার গতি তুলতে সক্ষম। উল্লেখ্য, ২০০৯ সালের ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট ঘণ্টায় ২৭.৭৮ মাইল বা প্রতি সেকেন্ডে ১২.৪২ মিটার গতিতে দৌড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। ফলে প্রযুক্তি ও গতিবিদ্যার উৎকর্ষতায় মানুষের শারীরিক সক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এই নতুন রোবটটি।

চীনের হাংঝৌভিত্তিক প্রতিষ্ঠান ইউনিট্রি, যারা উচ্চক্ষমতাসম্পন্ন রোবট কুকুর ও মানবাকৃতির রোবট তৈরির জন্য পরিচিত, এই রোবটটির নকশা করেছে। ভিডিওর অন্য একটি অংশে দেখা যায়, স্থির অবস্থা থেকে রোবটটি ওপরের দিকে দুই মিটার লাফ দিচ্ছে। এর মাধ্যমে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার স্পেলের গড়া ১.৭ মিটার বা ৫ ফুট ৭ ইঞ্চির লম্বালম্বি লাফানোর বিশ্ব রেকর্ডটি ভেঙে দেওয়া হয়েছে।

ইউনিট্রি তাদের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করে লিখেছে, ‘ইউনিট্রির নতুন রোবটের ট্রেইলার: সুপারম্যান ভেঙে দিচ্ছে মানবজাতির সীমা।’ প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, রোবটটি তৈরি করতে তিন মাসের কিছু বেশি সময় লেগেছে। মাত্র ০.৮৫ মিটার বা ২.৮ ফুট পায়ের দৈর্ঘ্য নিয়ে ছোট পদক্ষেপের মাধ্যমে এমন বিস্ময়কর গতি অর্জন করাকে চমকপ্রদ হিসেবে দেখা হচ্ছে। তবে রোবটটির উচ্চতা, ওজন, ব্যাটারি ক্ষমতা কিংবা লাফানোর পরীক্ষার পুনরাবৃত্তির মতো বিস্তারিত কারিগরি তথ্য এখনো প্রকাশ করেনি ইউনিট্রি। এর আগে প্রতিষ্ঠানটির তৈরি এইচ১ মডেলের মানবাকৃতির রোবটটি প্রতি সেকেন্ডে ১০ মিটার বা ঘণ্টায় ২২.৩ মাইল গতিতে দৌড়ে আলোচনায় এসেছিল।

রোবটটির দৌড়ানোর ধরন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে রসিকতা করলেও এর সক্ষমতা সবাইকে অবাক করেছে। বিশ্লেষকদের মতে, দ্রুতগতিতে দৌড়ানো ও লাফানোর এই ক্ষমতা প্রমাণ করে যে, আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত যন্ত্র মানুষের দৈনন্দিন কাজ এবং উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি বিশ্লেষক মা জিহুয়ার ধারণা, ভবিষ্যতে হিউম্যানয়েড রোবট কঠিন ভূখণ্ড, দুর্যোগপূর্ণ এলাকা ও বিপজ্জনক পরিস্থিতিতে সহজে কাজ করতে পারবে।