প্রতিষ্ঠানের দৈনন্দিন যোগাযোগ, গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ই-মেইলের নির্ভরতা বাড়ছে। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফিশিং, স্প্যাম, ম্যালওয়্যার, স্পুফিং, ডোমেইন প্রতারণা ও তথ্য চুরির মতো সাইবার ঝুঁকির আশঙ্কা। এই পরিস্থিতি মোকাবিলায় নিরাপদ প্ল্যাটফর্মের পাশাপাশি সমন্বিত নিরাপত্তাব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে এন্টারপ্রাইজ ই-মেইল ও কোলাবোরেশন প্ল্যাটফর্ম ‘জিমব্রা’-এর জনপ্রিয়তা বাড়ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে কোলোসিটি লিমিটেডের আয়োজনে এক অনুষ্ঠানে এই বিষয়গুলো উঠে আসে। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও বিশেষজ্ঞরা অংশ নেন। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশে জিমব্রার ব্যবসায়িক সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান কোলোসিটি লিমিটেড।
অনুষ্ঠানে কোলোসিটি লিমিটেডের প্রধান বিপণন ও বিক্রয় কর্মকর্তা মো. আল ফুয়াদ বলেন, ‘ই–মেইল এখন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি অবকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে এটি সাইবার হামলার প্রধান লক্ষ্যবস্তুও। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেখাতে চেয়েছি, ভালো মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা স্তরও দরকার। জিমব্রা ও ব্যারাকুডা নেটওয়ার্কসকে একসঙ্গে এনে আমরা একটি নিরাপদ ও নির্ভরযোগ্য ই–মেইল পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ অংশ একত্রিত করেছি।’
আলোচনায় জানানো হয়, জিমব্রার মাধ্যমে পাঠানো ই-মেইল ব্যারাকুডার নিরাপত্তা স্তরের মধ্য দিয়ে যায়। ফলে প্রতিষ্ঠানের নির্ধারিত নীতিমালা অনুযায়ী ই-মেইল পাঠানোর আগে তথ্য যাচাই ও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এর মাধ্যমে সংবেদনশীল তথ্য বা গুরুত্বপূর্ণ নথি বাইরে চলে যাচ্ছে কি না তা যাচাই করা যায়। এছাড়া সন্দেহজনক বা অননুমোদিত ই-মেইল শনাক্ত করে আটকে দেওয়ার মাধ্যমে তথ্যের গোপনীয়তা রক্ষা করা সম্ভব।
অনুষ্ঠানে আধুনিক ই-মেইল অবকাঠামো, নিরাপত্তা ও সুরক্ষা এবং পুরোনো ব্যবস্থার আধুনিকীকরণের পাশাপাশি জিমব্রা প্ল্যাটফর্ম পরিচালনার কারিগরি দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।