বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা এফএক্স৫ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘লাইটিং দ্য ওয়ে ফরওয়ার্ড’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ক্যামেরাটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আলোকচিত্র, চলচ্চিত্র নির্মাণ ও গণমাধ্যম খাতের পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
পেশাদার ভিডিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতাদের জন্য তৈরি এফএক্স৫ একটি ফুল ফ্রেম সিনেমা ক্যামেরা। এতে সনির নতুন ফুল স্ট্যাকড এক্সমোর আরএস সিএমওএস সেন্সর ও বায়োঞ্জ এক্সআর২ প্রসেসিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এস-লগ৩ মোডে ক্যামেরাটি ১৫ স্টপের বেশি ডায়নামিক রেঞ্জ দিতে পারে। এর বেস আইএসও ৮০০, ৪০০০ ও ১২৮০০।
এফএক্স সিরিজে প্রথমবার এ ক্যামেরায় ওপেন গেইট শুটিং সুবিধা যুক্ত হয়েছে। সেন্সরের পুরো ৩:২ অংশ ব্যবহার করে ভিডিও ধারণের পাশাপাশি সরাসরি ক্যামেরায় ১৬-বিট এক্স-ওসিএন র (আরএডব্লিউ) ফরম্যাটে ভিডিও রেকর্ড করা যায়। ৫ হাজার রেজোল্যুশনে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৬০ ফ্রেম, ৪ হাজারে ১২০ ফ্রেম এবং ফুল এইচডিতে ২৪০ ফ্রেম পর্যন্ত ভিডিও ধারণ করা সম্ভব।
ক্যামেরাটির অন্যতম বৈশিষ্ট্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘হিউম্যান পোজ এস্টিমেশন’ প্রযুক্তি। এটি মানুষের চোখ, মাথা ও শরীরের অবস্থান শনাক্ত করে ফোকাস ধরে রাখতে পারে। কম আলোতেও এই প্রযুক্তি কাজ করে। এ ছাড়া ভিডিও করার সময় কাঁপুনি কমানোর প্রযুক্তি এতে রয়েছে।
সনির সিঙ্গাপুর প্রতিনিধিদল এফএক্স৫ উন্মোচন করে। অনুষ্ঠানে সনি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জশুয়া কুয়েক এবং সনি ইলেকট্রনিকস সিঙ্গাপুরের ভিনসেন্ট টে উপস্থিত ছিলেন।
বাংলাদেশে এফএক্স৫ ক্যামেরার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ২০ হাজার টাকা। ক্যামেরাটি ধূসর রঙে পাওয়া যাবে। এর সঙ্গে থাকছে ১৮ মাসের ওয়ারেন্টি, যা সনি সিঙ্গাপুরের মাধ্যমে দেওয়া হবে। বাংলাদেশের অফিশিয়াল ডিলার ডিজিটাল শপ ও ডিজিটাল কালেকশনে ক্যামেরাটি পাওয়া যাবে।
অনুষ্ঠানে সনি এফএক্স৩ ফিল্ম মেন্টরশিপ অ্যান্ড স্টুডেন্ট প্রচারণার তিনটি প্রকল্পের ১৭ জনকে সার্টিফিকেট দেওয়া হয়। একাডেমিক চলচ্চিত্র শিক্ষা ও বাস্তব জীবনের সিনেমা নির্মাণের মধ্যকার ব্যবধান কমানো এবং তরুণ নির্মাতাদের জন্য এফএক্স৩ ক্যামেরাকে এন্ট্রি-লেভেল সিনেমা ক্যামেরা হিসেবে তুলে ধরাই ছিল এ উদ্যোগের লক্ষ্য। প্রচারণায় ১৮৯ জন আবেদনকারীর মধ্য থেকে ১৭ জন ফাইনালিস্ট নির্বাচিত হন।