চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় বাসার ভেতরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পর শাহিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার সকালে ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকার ইমাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

শাহিদ হোসেন ডবলমুরিংয়ের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত ইকবাল হোসেন ও মা মমতাজ বেগম। গুরুতর আহত অবস্থায় সকাল ৭টা ৫০ মিনিটের দিকে তাঁকে চমেক হাসপাতালে নেওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছেন, বাসার ড্রয়িংরুমে শাহিদ হোসেন পিস্তল দিয়ে নিজেকে গুলি করেছেন। জানতে চাইলে ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মো. গফুর মিয়া মুক্তকণ্ঠকে বলেন, ‘নিজের গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নিজেই নিজের মাথায় গুলি করেন।’ এসআই গফুর মিয়া আরও বলেন, গুলিবিদ্ধ হওয়ার ঘটনার কারণ এবং অস্ত্রটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত শাহিদ হোসেন কয়েক বছর আগে একটি ব্যাংকে চাকরি করতেন। দুই বছর আগে সেই চাকরি ছেড়ে দেন।