ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নবগঠিত বিএনপির ১০টি ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি। দলীয় এই আকস্মিক সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বোয়ালমারী উপজেলার আওতাধীন নবগঠিত বিএনপির সব ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।"
তবে কোন নির্দিষ্ট কারণে কমিটিগুলো স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। জেলা বিএনপির পক্ষ থেকে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে যে, উপজেলার আওতাধীন নবগঠিত বিএনপির সব ইউনিয়ন কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এই বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন মুক্তকণ্ঠকে বলেন, "কিছু অসংগতির কারণে সাময়িকভাবে শুধু উপজেলার সব ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।"