বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রদল। শুক্রবার (২১ আগস্ট) বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে আল মারকাজুল ইসলাম অন্ধ মাদ্রাসায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহঅর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি লোহানী মো. তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন, "রুহুল কবির রিজভী আন্দোলন-সংগ্রামে দলের প্রতি তার অঙ্গীকারের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। নিজ যোগ্যতায় তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন।"

তারেক রহমান ও রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়ার আয়োজন করায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলকে ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথি লোহানী মো. তাজুল ইসলাম বলেন, "রুহুল কবির রিজভীর নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ।"

তারেক রহমান ও রিজভীর কর্মকাণ্ড প্রশংসনীয় উল্লেখ করে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে তৌহিদুর রহমান আউয়াল বলেন, "রিজভী আহমেদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছাত্রদলের অন্যতম সেরা আবিষ্কার।"

তিনি আরও উল্লেখ করেন, "২০১৫ সালের ১ নভেম্বর লন্ডনে দেওয়া এক বক্তব্যে খালেদা জিয়া রিজভী আহমেদের ত্যাগ ও গুণের কথা তুলে ধরেছিলেন।"

তৌহিদুর রহমান আউয়াল বলেন, রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে নেতা-কর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। এরপর তিনি তারেক রহমান ও রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

দোয়া মাহফিলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত, মোহাম্মদ, সজীব, ফয়সাল, হাসিব, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম রব্বানী, পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সাব্বির ও মানিক, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান ও রাশেদুল আমিন, পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিরাজ হোসেন, ন্যাবের যুগ্ম মহাসচিব তিহান, যুবনেতা লাভলু এবং ছাত্রনেতা হিরন, সোহান, সাগর, রুবেল, সোহাগ, রনি ও আসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।