বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তাঁদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় তিনি ফাতিহা পাঠ এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা ফখরুলের সঙ্গে সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। নিরাপত্তাবেষ্টনীর বাইরে অপেক্ষমাণ দলের নেতা-কর্মী ও সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
আজ সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে জয়লাভ করেন। মোট ৩৪৩টি ভোটের মধ্যে মির্জা ফখরুল ২৫৫টি এবং অলি আহমদ ৮৮টি ভোট পেয়েছেন।
মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৬ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন। তাঁরা হলেন—বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস, মোস্তফা কামাল পাশা ও ড. মুহাম্মদ ওসমান ফারুক, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ। নির্বাচনের ওই রাতেই নির্বাচন কমিশন (ইসি) গেজেট জারির মাধ্যমে মির্জা ফখরুলকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করে।