বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল হতে যাচ্ছে আজ শুক্রবার সন্ধ্যার পর। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, এই রদবদলে চারজন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন এবং বেশ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবর্তন করা হবে।
আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই নতুন চারজন সদস্যের শপথ গ্রহণের কথা রয়েছে। জানা গেছে, মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
উচ্চপর্যায়ের সূত্রগুলো আরও জানিয়েছে, মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন। সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হচ্ছেন। এছাড়া বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন। এই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণের পর নতুন মন্ত্রীদের শপথবাক্য পড়াবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করে তাঁদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।