প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় চার পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন চার পূর্ণমন্ত্রী হলেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। রশিদুজ্জামান মিল্লাত এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির (টেকনোক্রেট) ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে শপথ নেন। এরপর তিনি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করেন।

আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী–২ আসনের সংসদ সদস্য। রশিদুজ্জামান মিল্লাত বিএনপির কোষাধ্যক্ষ। তিনি এতদিন বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন এবং জামালপুর–১ আসনের সংসদ সদস্য। সাচিং প্রু জেরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য; তিনি পার্বত্য বান্দরবান আসনের সংসদ সদস্য। আন্দালিভ রহমান পার্থ বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ভোলা–১ আসনের সংসদ সদস্য।

হুমায়ুন কবির এতদিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা–৪ আসনের সংসদ সদস্য এবং তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পঠিত শপথ ছিল ‘আমি সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারি মন্ত্রী বা প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহীত আচরণ করিব।’