দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতি মন্ত্রিসভার নতুন চারজন সদস্যের শপথ পাঠ করাবেন। জোড়া এই অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গভবন।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। এরপর রাষ্ট্রপতি নিজেই মন্ত্রিসভার নতুন চার সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন।
বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বঙ্গভবনে পৌঁছাবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে আসবেন। এরপর সবাই বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবেন। শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের পর স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রায় দেড় হাজার আমন্ত্রণপত্র বিলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বঙ্গভবনের আচার-অনুষ্ঠানের রীতি অনুযায়ী, শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ বইয়ে সই করবেন। সইয়ের সময় দুই পাশে বসবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সইয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঝখানের চেয়ারে বসবেন, যার মাধ্যমে তিনি রাষ্ট্রপতির চেয়ারে আসীন হবেন। তখন দুই পাশে বসবেন মেজর হাফিজ উদ্দিন ও কায়সার কামাল।
শপথ অনুষ্ঠান শেষে পুনরায় জাতীয় সংগীত পরিবেশন করা হবে এবং আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং স্পিকারের দায়িত্ব নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।
রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চার সদস্যের শপথ পাঠ করাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যাদের মধ্যে তিনজন পূর্ণমন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী। তাদের জন্য প্রয়োজনীয় গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম মুক্তকণ্ঠকে বলেন, "রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে।"