অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের দীর্ঘদিনের এক রীতি ভেঙে যেতে পারে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে। ফিট থাকা অবস্থায় দলের মূল স্পিনার নাথান লায়নকে কখনো একাদশের বাইরে রাখেননি কামিন্স। তবে ম্যাকে অনুষ্ঠিতব্য টেস্টে অভিজ্ঞ এই স্পিনারকে বাদ দিয়ে পুরোপুরি পেসনির্ভর বোলিং আক্রমণ সাজানোর কথা ভাবছে স্বাগতিক দল।
ডারউনে ৯ উইকেটের ঐতিহাসিক পরাজয়ের পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামবে অস্ট্রেলিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেট শেষ মুহূর্তে দেখেই একাদশ চূড়ান্ত করতে চান কামিন্স। ফলে শনিবার টসের আগে পর্যন্ত লায়ন ও স্কট বোল্যান্ডের ভাগ্য অনিশ্চিত।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিবেদন অনুযায়ী, লায়নের পরিবর্তে বোল্যান্ডকে খেলিয়ে চার বিশেষজ্ঞ পেসার নিয়ে নামার বিষয়টি বিবেচনা করছেন নির্বাচকেরা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও বোল্যান্ডের পাশাপাশি পেস বোলিংয়ের বিকল্প হিসেবে থাকবেন অলরাউন্ডার বিউ ওয়েবস্টার।
কামিন্সের অধিনায়কত্বের সময়ে লাল বলের কোনো টেস্টে ফিট থাকা লায়নকে বাদ দেওয়া হয়নি। গত বছর দুটি গোলাপি বলের টেস্টে স্পিনার ছাড়াই খেলেছিল তারা, তবে লাল বলের টেস্টে এমন সিদ্ধান্ত হলে তা হবে ব্যতিক্রমী ঘটনা।
গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এর আগে কোনো টেস্ট অনুষ্ঠিত হয়নি, তাই পিচের আচরণ নিয়ে দুই দলের মধ্যেই অনিশ্চয়তা রয়েছে। তবে সীমিত ওভারের ম্যাচে এই মাঠে পেসাররা সুবিধা পেয়েছেন। পিচের ঘাস ও শক্তভাব দেখেই লায়ন কিংবা বোল্যান্ডের মধ্যে একজনকে বেছে নেবে অস্ট্রেলিয়া।
বোলিংয়ে অনিশ্চয়তা থাকলেও ব্যাটিংয়ে পরিবর্তন নিশ্চিত করেছেন কামিন্স। বাদ পড়া জেক ওয়েদারল্ডের পরিবর্তে ওপেনিংয়ে ফিরছেন ম্যাট রেনশ। তিন বছরের বেশি সময় পর টেস্ট একাদশে ফিরতে যাচ্ছেন কুইন্সল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার। রেনশ সর্বশেষ ২০২৩ সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন, তবে এবার তিনি ফিরবেন তার পরিচিত ওপেনিং পজিশনে। ২০১৬-১৭ মৌসুমে ২০ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করেছিলেন তিনি।
ডারউনের ব্যর্থতার পর ওয়েদারল্ডকে আর সুযোগ দেয়নি অস্ট্রেলিয়া। আগামী ১২ মাসে ২০টি টেস্টের দীর্ঘ সূচির প্রথম ম্যাচেই জায়গা হারালেন তিনি। এখন রেনশকে দিয়ে ওপেনিংয়ের সমস্যা সমাধান এবং অতিরিক্ত পেসার খেলিয়ে বাংলাদেশকে চাপে ফেলতে চায় স্বাগতিকরা।
অন্যদিকে, প্রথম টেস্টের দাপুটে জয় নিয়ে ম্যাকে পৌঁছেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট অন্তত ড্র করতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতবে নাজমুল হোসেন শান্তর দল। আর জয় পেলে স্বাগতিকদের মাঠে হোয়াইটওয়াশের অবিশ্বাস্য ইতিহাস গড়বে টাইগাররা।
শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচের টসেই জানা যাবে অস্ট্রেলিয়া তাদের দীর্ঘদিনের রীতি ভেঙে লায়নকে বাইরে রাখছে কি না।