দুই চ্যাম্পিয়নের লড়াইয়ের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে ২০২৬-২৭ ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের। এমিরেটস স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের মুখোমুখি হবে চ্যাম্পিয়নশিপজয়ী কভেন্ট্রি সিটি। ইংল্যান্ডে ম্যাচটি শুক্রবার রাতে অনুষ্ঠিত হলেও বাংলাদেশ সময় শুরু হবে শুক্রবার দিবাগত রাত ১টায়।
দীর্ঘ ২২ বছরের অপেক্ষা ঘুচিয়ে গত মৌসুমে মিকেল আর্তেতার অধীনে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল আর্সেনাল। তবে এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ তাদের সামনে। ১৯৩৪-৩৫ মৌসুমে সর্বশেষ টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন হয়েছিল তারা। অন্যদিকে, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কোচিংয়ে চ্যাম্পিয়নশিপ জিতে দীর্ঘ ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে কভেন্ট্রি। প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়নের মাঠে কঠিন পরীক্ষার মুখে তারা। শক্তির বিচারে আর্সেনাল এগিয়ে থাকলেও দুই দলই নিজ নিজ স্তরে চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে।
পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, শিরোপা ধরে রাখার দৌড়ে আর্সেনালই সবচেয়ে এগিয়ে। অপটার হিসাবে গানারদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩৮ শতাংশ, যেখানে গত মৌসুমের রানার্সআপ ম্যানচেস্টার সিটির সম্ভাবনা ২০ দশমিক ৫ শতাংশ।
নতুন মৌসুমে বড় ক্লাবগুলোর কোচিং প্যানেলে এসেছে বড় পরিবর্তন। পেপ গার্দিওলার বিদায়ের পর ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়েছেন এনজো মারেসকা। লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলা এবং চেলসির দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। এছাড়া মাইকেল ক্যারিকের অধীনে প্রথম পূর্ণ মৌসুম শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথম সপ্তাহেই বেশ কিছু আকর্ষণীয় ম্যাচ নির্ধারিত হয়েছে। শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় নবাগত হাল সিটির মাঠে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং রাত সাড়ে ১০টায় ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে টটেনহাম। রোববার সন্ধ্যা ৭টায় বোর্নমাউথের বিপক্ষে অভিযান শুরু করবে ম্যানচেস্টার সিটি এবং একই সময়ে ব্রাইটনের মাঠে নামবে অ্যাস্টন ভিলা। রাত সাড়ে ৯টায় নিউক্যাসল ইউনাইটেডের মাঠে খেলবে লিভারপুল। প্রথম পর্বের সমাপ্তি ঘটবে লন্ডন ডার্বিতে; সোমবার দিবাগত রাত ১টায় ফুলহামের মাঠে খেলবে জাবি আলোনসোর চেলসি।
কভেন্ট্রির পাশাপাশি এবার প্রিমিয়ার লিগে উঠে এসেছে হাল সিটি ও ইপসউইচ টাউন। নতুন তিন দলের টিকে থাকার লড়াই, আর্সেনালের শিরোপা ধরে রাখার চেষ্টা এবং নতুন কোচদের অধীনে সিটি, লিভারপুল ও চেলসির বদলে যাওয়া রূপ দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা। আগামী বছরের ৩০ মে শেষ হবে এই মৌসুম। ২০ দলের ৩৮০ ম্যাচের দীর্ঘ লড়াই শেষে নির্ধারিত হবে ইংল্যান্ডের নতুন চ্যাম্পিয়ন কে হয় অথবা আর্সেনাল তাদের মুকুট ধরে রাখতে পারে কি না।